Image description

ইরানের সঙ্গে নতুন করে কোনো যুদ্ধে জড়াতে রাজি নন যুক্তরাষ্ট্রের সাবেক সেনাসদস্যরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘যুদ্ধংদেহী’ নীতির প্রতিবাদে এবং স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের দাবিতে ওয়াশিংটন ডিসিতে মার্কিন কংগ্রেস ভবনের সামনে এক বিশাল বিক্ষোভ সমাবেশ করেছেন তারা। সোমবার (২০ এপ্রিল) আয়োজিত এই বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশ অন্তত ৬০ জন সাবেক সেনাকে আটক করে।

‘অ্যাবাউট ফেস’ নামক একটি সংগঠনের ব্যানারে ওয়াশিংটন ডিসির ক্যানন হাউস অফিস বিল্ডিংয়ে এই বিক্ষোভের আয়োজন করা হয়। সাবেক এই সেনাসদস্যদের মূল দাবি হলো, যুদ্ধ ঠেকানোর জন্য কংগ্রেসকে তার সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করতে হবে এবং ট্রাম্প প্রশাসনকে যুদ্ধের পথ থেকে সরিয়ে আনতে হবে।

বিক্ষোভে অংশ নেওয়া এক সাবেক সেনা বলেন, ‘মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতিকে বৈধতা দিতে বর্তমানে ঠিক সেই ধরনের অজুহাত ও প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, যা আমরা ইরাক যুদ্ধের সময় দেখেছিলাম। আমরা সেই ইতিহাসের পুনরাবৃত্তি চাই না।’ ক্যালিফোর্নিয়ার মতো দূরবর্তী এলাকা থেকে এসে সাবেক সেনারা কংগ্রেস সদস্যদের প্রতি তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান।

বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের এলাকা ত্যাগের নির্দেশ দিলেও তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যান। এতে পরিস্থিতির অবনতি ঘটলে পুলিশ বলপ্রয়োগ শুরু করে এবং অন্তত ৬০ জনকে আটক করে। এই ঘটনার পর ক্যাপিটল হিল ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিক্ষোভে শুধু সাবেক সেনারা নন, বর্তমানে দায়িত্বরত সেনাদের পরিবারের সদস্যরাও অংশ নিয়েছেন। তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ হবে সম্পূর্ণ অপ্রয়োজনীয় এবং এতে অসংখ্য প্রাণের ঝুঁকি রয়েছে। যুদ্ধের পরিবর্তে আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমাধান খোঁজার দাবি জানিয়েছেন তারা।

মানবকণ্ঠ/আরআই