Image description

মধ্যপ্রাচ্যের রণকৌশলে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এই মুহূর্তে ‘সম্ভব নয়’ বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রকাশ্যে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় তেহরান এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় গালিবাফ বলেন, মার্কিন নৌ অবরোধ ইরানের বন্দরগুলোকে কার্যত অবরুদ্ধ করে রেখেছে। একে তিনি বৈশ্বিক অর্থনীতিকে ‘জিম্মি’ করার অপকৌশল হিসেবে অভিহিত করেন। পাশাপাশি তিনি ইসরায়েলের বিরুদ্ধে সব ফ্রন্টে যুদ্ধ উসকে দেওয়ার অভিযোগ তোলেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, তেহরান আলোচনার টেবিলে ফিরতে আগ্রহী হলেও চুক্তি ভঙ্গ, অর্থনৈতিক অবরোধ এবং অব্যাহত হুমকি প্রকৃত শান্তির পথে বড় বাধা।

এদিকে, পাকিস্তানে নির্ধারিত উচ্চপর্যায়ের শান্তি আলোচনা নিয়ে ধোঁয়াশা কাটেনি। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা থাকা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এখনও দেশেই অবস্থান করছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিবভ্যাট জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ালেও ইরানের বিরুদ্ধে চলমান নৌ অবরোধ নিয়ে ওয়াশিংটন সন্তুষ্ট। তিনি স্পষ্ট করে বলেন, যুদ্ধের সমাপ্তি কখন হবে তা সম্পূর্ণভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

অন্যদিকে, হরমুজ প্রণালিতে জাহাজ জব্দের ঘটনায় উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, নেভিগেশন সিস্টেমে কারসাজি ও অনুমতি ছাড়া চলাচলের অভিযোগে তারা দুটি কার্গো জাহাজ জব্দ করেছে।

মানবকণ্ঠ/আরআই