Image description

পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ চত্বরে ছাত্রদল ও ছাত্রশিবিরের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ এবং কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কলেজ সংলগ্ন এলাকায় এই রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত হয়। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে উভয় সংগঠন কলেজে পৃথক কর্মসূচির ঘোষণা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেলা সাড়ে ১১টার দিকে বকুল মোড় এলাকা থেকে ছাত্রশিবিরের একটি মিছিল কলেজ গেটের সামনে পৌঁছালে ছাত্রদলের নেতাকর্মীদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে কলেজ গেট সংলগ্ন ছাত্রদলের একটি অস্থায়ী কার্যালয় ভাঙচুর করা হয়।

ঈশ্বরদী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজিব হাসান দাবি করেন, "কলেজ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করছিলাম। মিছিলটি কলেজ গেটের সামনে পৌঁছালে ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত ইট-পাটকেল নিক্ষেপ করে আমাদের ওপর হামলা চালায়।" কার্যালয় ভাঙচুরের বিষয়ে তিনি নিজের সংগঠনের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন।

অন্যদিকে, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইমরান হোসেন খান পাল্টা অভিযোগ করে বলেন, "আমরা শান্তিপূর্ণভাবে অবস্থানে ছিলাম। এসময় শতাধিক শিবির কর্মী বহিরাগতদের সাথে নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ক্যাম্পাসে তাণ্ডব চালায় এবং আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করে। তারাই আমাদের অস্থায়ী কার্যালয়টি গুঁড়িয়ে দিয়েছে।"

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আফজাল হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয়পক্ষই ক্যাম্পাস ত্যাগ করেছে।

মানবকণ্ঠ/ডিআর