Image description

জার্মানি সফরকালে অনাকাঙ্ক্ষিত হামলার মুখে পড়েছেন ইরানের শেষ শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভি। বার্লিনে এক সংবাদ সম্মেলন শেষে বের হওয়ার সময় এক ব্যক্তি তার ওপর লাল রঙের একটি তরল ছুঁড়ে মারেন। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঘটা এই ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে জার্মান পুলিশ।

তুর্কি সংবাদমাধ্যম আনাদলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, বার্লিনের কেন্দ্রস্থলে অবস্থিত ফেডারেল প্রেস কনফারেন্স ভবন থেকে বের হয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গাড়ির দিকে যাচ্ছিলেন রেজা পাহলভি। ঠিক সেই মুহূর্তে এক ব্যক্তি অতর্কিতে তার দিকে এগিয়ে আসেন এবং লাল রঙের একটি তরল ছুঁড়ে মারেন। তরলটি পাহলভির ঘাড় ও কাঁধের পেছনের অংশে লাগে। তবে এই ঘটনায় তিনি কোনো আঘাত পাননি।

ঘটনার পরপরই নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে ঝাপটে ধরেন এবং পুলিশ তাকে হেফাজতে নেয়। পরে পাহলভি দ্রুত গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন।

উল্লেখ্য, এই হামলার কিছুক্ষণ আগেই সংবাদ সম্মেলনে পাহলভি ইরানে পশ্চিমা সামরিক হামলার পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানকে ‘মানবিক হস্তক্ষেপ’ হিসেবে অভিহিত করেন। পাহলভি দাবি করেন, ইরানের বর্তমান শাসনব্যবস্থা উৎখাত করতে এ ধরনের অভিযান অপরিহার্য। তার এই বিতর্কিত বক্তব্যের পরপরই বাইরে এমন হামলার ঘটনা ঘটলো।

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে রেজা পাহলভি মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। সাম্প্রতিক সময়ে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে পশ্চিমা দেশগুলোর সমর্থন আদায়ের চেষ্টা করছেন তিনি।

মানবকণ্ঠ/ডিআর