হাম-রুবেলা টিকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি চক্র পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) অঞ্চল-০২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন। তিনি এসব ভিত্তিহীন প্রচারণায় বিভ্রান্ত না হয়ে শিশুদের সুরক্ষায় টিকাদানে অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন জিসিসি অঞ্চল-০২ কার্যালয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত এক সচেতনতামূলক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রুবাইয়া ইয়াসমিন বলেন, "হাম ও রুবেলা রোগে আক্রান্ত হয়ে এখনও অনেক শিশুর মৃত্যু হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। টিকা না দেওয়ার কারণে শিশুদের জীবনে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য জটিলতা দেখা দিতে পারে। তাই নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা অত্যন্ত জরুরি।"
তিনি আরও বলেন, "টিকা দিলে শিশুদের ক্ষতি হতে পারে—এমন অপপ্রচার যারা চালাচ্ছে, তাদের কথার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এ ধরনের গুজবে কান না দিয়ে জনসচেতনতা বাড়াতে হবে এবং টিকাদান কর্মসূচিকে সফল করতে হবে।"
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিসিসি অঞ্চল-০২-এর হিসাবরক্ষক ফাইজুল হক খন্দকার, লাইসেন্স শাখার প্রধান সুমন, সহকারী হিসাবরক্ষক আব্দুর রউফ, পূবাইল থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুনসুর আলী, রেইনবো একাডেমির পরিচালক আনোয়ার হোসেন মোড়ল, নাইস কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা ওবায়দুল্লাহ সরকারসহ স্থানীয় সুধীজন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
বক্তারা সভায় শিশুদের অকাল মৃত্যু ও পঙ্গুত্ব রোধে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments