ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতি নিয়ে চলমান অনিশ্চয়তার মাঝেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ফের লাফিয়ে বাড়ছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে ইরানের অনড় অবস্থানের কারণে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তেলের দাম প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গ্রিনিচ মান সময় দুপুর ১২টা ২৫ মিনিটে আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দেয়। যুক্তরাষ্ট্রের তেলের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৪.০৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৬.৭৩ ডলারে পৌঁছায়। অন্যদিকে, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ৩.৬২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৫.৬৩ মার্কিন ডলারে উন্নীত হয়।
জ্বালানি তেলের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির নেপথ্যে রয়েছে হরমুজ প্রণালি বন্ধ রাখার হুঁশিয়ারি। ইরান সাফ জানিয়ে দিয়েছে, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত তারা এই গুরুত্বপূর্ণ জলপথ খুলে দেবে না। তেহরানের এই ঘোষণার পর বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বাজার বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পুনরায় শুরু হবে কি না—এমন প্রবল অনিশ্চয়তার কারণে তেলের দামে এই চরম ওঠানামা অব্যাহত রয়েছে। যদিও দাম ১০৫ ডলার ছাড়ানোর কিছুক্ষণ পর সামান্য হ্রাস পেয়েছে, তবে বাজারের সামগ্রিক পরিস্থিতি এখনও অত্যন্ত অস্থিতিশীল।
মানবকণ্ঠ/আরআই




Comments