Image description

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও এক নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। মার্কিন রেডিও উপস্থাপক ও রাজনৈতিক ভাষ্যকার মাইকেল স্যাভেজের একটি পডকাস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তিনি নতুন করে সমালোচনার মুখে পড়েছেন।

ওই পডকাস্টে ভারত ও চীনকে ‘হেল-হোল’ বা অত্যন্ত নিকৃষ্ট দেশ হিসেবে অভিহিত করা হয়েছে এবং দাবি করা হয়েছে যে, এই দুই দেশের মানুষ কেবল সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রে আসে।

মাইকেল স্যাভেজ তার ‘স্যাভেজ নেশন’ পডকাস্টে যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব  আইনের তীব্র সমালোচনা করেন। তিনি মন্তব্য করেন, ভারত ও চীন থেকে অভিবাসীরা যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দেয় যাতে সেই শিশুটি স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিক হতে পারে।

পরবর্তীতে তারা তাদের পুরো পরিবারকে সেই ‘হেল-হোল’ দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে। শুধু তাই নয়, তিনি ভারতীয় ও চীনা অভিবাসীদের ‘ল্যাপটপ হাতে গ্যাংস্টার’ বলেও কটাক্ষ করেন।

ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার এই সাংবিধানিক অধিকারের বিরোধিতা করে আসছেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ২০২৫ সালে তিনি এই সুবিধা সীমিত করতে একটি নির্বাহী আদেশ জারি করেন, যা বর্তমানে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে বিচারাধীন।

ট্রাম্পের দাবি, এ ধরনের আইন যুক্তরাষ্ট্রের মর্যাদা ও অর্থনীতির ক্ষতি করছে। তবে তার এই দাবি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে, কারণ কানাডা ও মেক্সিকোসহ বিশ্বের ৩০টিরও বেশি দেশে এই ধরনের নাগরিকত্ব আইন কার্যকর রয়েছে।

যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী দেশটিতে জন্মগ্রহণকারী সব শিশু নাগরিকত্বের অধিকার পায়। আদালতের আসন্ন রায় এই ইস্যুটিকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটিই দেখার বিষয়।

ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে, আদালত যদি তার নির্বাহী আদেশের বিপক্ষে রায় দেয়, তবে তা যুক্তরাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে।

সূত্র: এনডিটিভি

মানবকণ্ঠ/আরআই