তীব্র গরম আর প্রখর রোদ উপেক্ষা করেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন ভোটাররা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণে দুপুর ১টা পর্যন্ত রাজ্যে গড় ভোটের হার দাঁড়িয়েছে ৬২.১৮ শতাংশ। এখন পর্যন্ত রাজ্যের কোথাও বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দুপুর ১টা পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুরে (৬৫.৭৭ শতাংশ) এবং সবচেয়ে কম ভোট পড়েছে মালদহে (৫৮.৪৫ শতাংশ)।
প্রথম দফায় উত্তর ও দক্ষিণবঙ্গের মোট ১৬টি জেলার ১৫২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ চলছে। এই দফায় লড়াই করছেন ১ হাজার ৪৫২ জন প্রার্থী। মোট ৩ কোটি ৬০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে ২ হাজার ৪৫০ কোম্পানি কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনী, যার অধীনে রয়েছেন প্রায় আড়াই লাখ সদস্য।
এবারের নির্বাচন মূলত ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপির মধ্যে মর্যাদার লড়াই। ২০২১ সালের নির্বাচনে এই ১৫২টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল ৯৩টি এবং বিজেপি জিতেছিল ৫৯টিতে। চতুর্থবারের মতো ক্ষমতায় ফিরতে মরিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, উত্তরবঙ্গ ও জঙ্গলমহল নিজেদের দখলে নিতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বিজেপি।
ভোটদান শেষে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আত্মবিশ্বাসের সঙ্গে সাংবাদিকদের বলেন, "১৫২টি আসনের মধ্যে বিজেপি ১২৫টির নিচে নামার কোনো জায়গা নেই। উত্তরবঙ্গ ও জঙ্গলমহল এবার তৃণমূল সাফ হয়ে গিয়েছে।"
পশ্চিমবঙ্গ বিধানসভার মোট ২৯৪টি আসনে এবার দুই দফায় ভোট হচ্ছে। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় কলকাতা ও সংলগ্ন এলাকার ১৪২টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে আগামী ৪ মে।
সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের লম্বা সারি দেখা গেছে। কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে পরিচয়পত্র যাচাই করে ভোটারদের কেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে। আবহাওয়া উত্তপ্ত থাকলেও গণতন্ত্রের উৎসবে মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
মানবকণ্ঠ/ডিআর




Comments