Image description

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ‘বাংলা দখল’-এর স্বপ্ন এবারও চুরমার হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার (২২ এপ্রিল) উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙ্গায় এক নির্বাচনী জনসভায় তিনি এই কঠোর মন্তব্য করেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বাংলার মানুষ আমাদের সাথে আছেন। তারা এই মাটি থেকে বিজেপিকে বিদায় করে দেবেন। আমি বিজেপির ধমকানি-চমকানিকে ভয় পাই না এবং তাদের কাছে কখনো মাথা নত করব না।" লক্ষ্মীর ভাণ্ডারসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, বিজেপি মনে করেছে ভয় দেখিয়ে তৃণমূলকে সরিয়ে দেবে, কিন্তু বাংলার মানুষ তাদের বিশ্বাস করে না।

এদিকে, বিজেপির শীর্ষ নেতারাও তৃণমূল সরকারকে হঠাতে আক্রমণাত্মক প্রচার চালিয়ে যাচ্ছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তর ২৪ পরগনার হাবড়ায় এক জনসভায় বলেন, "৪ মে দুপুর ১টার মধ্যে বাংলার মানুষ মমতাকে ‘টা টা, বাইবাই’ বলে দেবে। ৪ মের পর দুর্নীতিবাজদের জায়গা হবে কারাগারে।"

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কলকাতায় এক প্রচারে দাবি করেন, এবার বিজেপি ৮০ শতাংশ আসনে জয়লাভ করবে এবং বাংলায় ‘রামরাজ্য’ প্রতিষ্ঠা করবে। অন্যদিকে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা অনুপ্রবেশ ইস্যু তুলে বলেন, বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের কোনো জায়গা হবে না এবং সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হবে।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রথম দফার ভোটগ্রহণ চলছে। প্রথম ৬ ঘণ্টায় ১৫২টি আসনে প্রায় ৬২ শতাংশ ভোট পড়েছে বলে জানা গেছে। দ্বিতীয় দফায় বাকি ১৪২ আসনে ভোট হবে ২৯ এপ্রিল। আগামী ৪ মে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ২০১১ সাল থেকে টানা তিনবার ক্ষমতায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, ২০১৪ সাল থেকে ভারতের কেন্দ্রীয় সরকারে ক্ষমতায় থাকা বিজেপি পশ্চিমবঙ্গ জয়ের জন্য এবার তাদের সর্বশক্তি নিয়োগ করেছে।

মানবকণ্ঠ/ডিআর