Image description

যুক্তরাষ্ট্র আর আগের মতো স্বাধীন দেশগুলোর ওপর নিজের ইচ্ছামতো ‘হুকুম’ চালানোর অবস্থানে নেই বলে দাবি করেছে ইরান। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সংক্রান্ত একটি নতুন প্রস্তাব যখন ওয়াশিংটনে পর্যালোচনাধীন, ঠিক তখনই তেহরানের পক্ষ থেকে এমন কড়া মন্তব্য এলো।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালায়ি-নিক দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে বলেন, ‘যুক্তরাষ্ট্র এখন আর স্বাধীন দেশগুলোর ওপর নিজেদের নীতি চাপিয়ে দেওয়ার মতো প্রভাবশালী অবস্থানে নেই। ওয়াশিংটনকে অবশ্যই তাদের অবৈধ ও অযৌক্তিক দাবিগুলো পরিত্যাগ করতে হবে।’

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার শুরু থেকেই ইরান এই গুরুত্বপূর্ণ জলপথটি কার্যত বন্ধ করে রেখেছে। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং সংঘাত নিরসনের আলোচনায় হরমুজ প্রণালি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের স্থায়ী সমাধানের অংশ হিসেবে একটি প্রস্তাব ওয়াশিংটনে পর্যালোচিত হচ্ছে, যেখানে হরমুজ প্রণালি পুনরায় সচল করার শর্ত অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের আসন্ন বৈঠকের আগে রেজা তালায়ি-নিক আরও বলেন, ইরান স্বাধীন রাষ্ট্রগুলোর সঙ্গে, বিশেষ করে এসসিও সদস্য দেশগুলোর সঙ্গে নিজেদের উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি ও সামরিক সক্ষমতা ভাগাভাগি করতে পুরোপুরি প্রস্তুত।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি নিয়ে ইরানের এই কঠোর অবস্থান বিশ্ব অর্থনীতির ওপর তেহরানের প্রভাব এবং ওয়াশিংটনের প্রতি তাদের চ্যালেঞ্জকেই স্পষ্ট করে তুলছে।

সূত্র: এএফপি, টাইমস অফ ইসরায়েল

মানবকণ্ঠ/আরআই