যশোরের কেশবপুরে পারিবারিক কলহের জেরে মেয়ের লোহার রডের আঘাতে গৌরি অধিকারী (৮৫) নামে এক বৃদ্ধা মা খুন হয়েছেন। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং অভিযুক্ত মেয়ে সাধনা অধিকারীকে (৫০) আটক করেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে কেশবপুর পৌর শহরের সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৌরি অধিকারী ওই এলাকার মৃত কালীপদ অধিকারীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মা ও মেয়ের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মেয়ে সাধনা অধিকারী লোহার রড দিয়ে তাঁর বৃদ্ধা মায়ের মাথায় সজোরে আঘাত করেন। এতে মাথা ফেটে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই গৌরির মৃত্যু হয়। প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিথর দেহটি উদ্ধার করে।
এলাকাবাসী জানান, অভিযুক্ত সাধনা অধিকারী দীর্ঘ দিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায় ১০ বছর আগে মাথায় আঘাত পাওয়ার পর থেকে তাঁর মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। তবে ঘটনার সময় বাড়িতে অন্য কেউ না থাকায় সরাসরি কেউ এ দৃশ্য দেখেননি।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়ের হাতে মা খুন হওয়ার প্রাথমিক তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সাধনা অধিকারীকে আটক করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments