ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানালেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি সতর্ক করে বলেছেন, কোনো কারণে এই যুদ্ধবিরতি লঙ্ঘিত হলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের জন্য ‘অত্যন্ত বিধ্বংসী পরিণতি’ বয়ে আনবে।
বুধবার (২৯ এপ্রিল) ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের মধ্যে প্রায় ৯০ মিনিটের এক দীর্ঘ ফোনালাপ অনুষ্ঠিত হয়। ক্রেমলিনের মুখপাত্র ইউরি উশাকভ মস্কোতে এক সংবাদ সম্মেলনে এই ফোনালাপের বিস্তারিত তথ্য নিশ্চিত করেছেন। এনডিটিভির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
উশাকভ জানান, ফোনালাপে দুই নেতা ইরান এবং পারস্য উপসাগরের বর্তমান পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা করেন। পুতিন ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্তকে ‘সঠিক’ অভিহিত করে বলেন, এটি দুই দেশের মধ্যে আলোচনার সুযোগ তৈরি করবে। তবে তিনি ট্রাম্পকে স্পষ্ট সতর্কবার্তা দিয়ে বলেন, যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল পুনরায় ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে, তবে তার ফলাফল হবে মারাত্মক বিধ্বংসী।
পুতিন ট্রাম্পকে পরামর্শ দেন যে, ইরানের সঙ্গে বিদ্যমান মতপার্থক্যগুলো মেটাতে কূটনৈতিক পন্থাই সর্বোত্তম। রাশিয়া এই সংকট সমাধানে প্রয়োজনীয় সব ধরনের কূটনৈতিক সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।
ইরান ইস্যু ছাড়াও ফোনালাপে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা হয়েছে। পুতিন ট্রাম্পকে যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। তিনি দাবি করেন, রুশ বাহিনী বর্তমানে নতুন কোনো অঞ্চল দখলের অভিযানে নামছে না, বরং ইতিমধ্যে নিয়ন্ত্রণে নেওয়া এলাকাগুলো সুসংহত করতেই কাজ করছে।
মানবকণ্ঠ/আরআই




Comments