জাতীয় দলে অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রত্যাবর্তন নিয়ে দীর্ঘদিনের জল্পনার মধ্যে মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তিনি জানিয়েছেন, ক্রিকেটের স্বার্থে যেকোনো খেলোয়াড়কে সহায়তা দিতে বোর্ড প্রস্তুত থাকলেও একক কোনো খেলোয়াড়কে নিয়ে পড়ে থাকা উচিত নয়।
প্রায় দুই বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। ২০২৪ সালে ভারতের কানপুর টেস্টে তিনি সর্বশেষ জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন। এরপর থেকে তাঁর ফেরা নিয়ে নানা আলোচনা চললেও কোনো সুরাহা হয়নি।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সাকিবের ফেরা প্রসঙ্গে তামিম ইকবাল বলেন, "গত দেড়-দুই বছর ধরে আমরা একজন খেলোয়াড়কে নিয়েই বেশি কথা বলছি। আমার অনুরোধ থাকবে, যেহেতু একই ধরনের পরিস্থিতিতে আমাদের আরও দুইজন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও নাইমুর রহমান দুর্জয় আছেন, তাই শুধু একজনকে নিয়ে আলোচনা না করে সবার প্রসঙ্গই আসা উচিত।"
সাকিবসহ অন্যান্য জ্যেষ্ঠ ক্রিকেটারদের প্রয়োজনীয় সহায়তার বিষয়ে বিসিবি সভাপতি বলেন, "ক্রিকেট বোর্ড হিসেবে আমরা ক্রিকেট সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে সাহায্য করতে প্রস্তুত। সুযোগ-সুবিধা বা প্রয়োজনীয় সহায়তা যা দরকার, আমরা সবসময় দিতে চাই। সরকারও এ বিষয়ে নমনীয় থাকার কথা জানিয়েছে। আমাদের পক্ষ থেকে ক্রিকেটের স্বার্থে সবসময় সহযোগিতা থাকবে।"
তামিম ইকবালের এমন বক্তব্যে এটা স্পষ্ট যে, বোর্ড জ্যেষ্ঠ ক্রিকেটারদের সম্মানজনক বিদায় বা ফেরার ক্ষেত্রে আন্তরিক, তবে তারা ব্যক্তিগত কোনো বিষয়কে কেন্দ্র করে পুরো দলের পরিকল্পনা ব্যাহত করতে চায় না।
মানবকণ্ঠ/আরআই




Comments