ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বড় ব্যবধানে পিছিয়ে পড়েও হার মানতে নারাজ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চারদিকে যখন বিজেপির জয়ের জয়ধ্বনি এবং গেরুয়া আবির উৎসব শুরু হয়েছে, তখন ফেসবুক লাইভে এসে দলীয় কর্মীদের আত্মবিশ্বাসী থাকার এবং গণনা কেন্দ্র না ছাড়ার জরুরি নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার (৪ মে) সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্যে শুরু হওয়া ভোট গণনায় দেখা যায়, শুরু থেকেই ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী, ২৯৪টি আসনের মধ্যে ১৭০টিতেই এগিয়ে আছে বিজেপি। বিপরীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস পিছিয়ে পড়ে ১০৩টি আসনে অবস্থান করছে। এই ফলাফল বিপর্যয়ের মাঝেই দুপুরে ভিডিও বার্তায় হাজির হন মমতা।
ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, শুরুতে বিজেপির জয়ের খবর দেখানো তাদের একটি ‘কৌশল’। তিনি বলেন, “আমি আগেই বলেছি, ওদের জয়ের খবরটাই আগে দেখাবে। এটা বিজেপির কারসাজি। আপনারা কেউ ভয় পাবেন না এবং গণনা কেন্দ্র ছেড়ে আসবেন না।” বেশ চিন্তিত মুখে তৃণমূল নেত্রী আরও অভিযোগ করেন, প্রায় ১০০টি জায়গায় গণনা বন্ধ রাখা হয়েছে এবং কল্যাণীসহ বেশ কিছু এলাকায় ভোটিং মেশিনে গরমিল ধরা পড়েছে।
প্রাথমিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, মুর্শিদাবাদ, মালদহ এবং উত্তর ২৪ পরগনার মতো মুসলিম প্রধান এলাকাগুলোতে ভোট ভাগ হয়ে গেছে। তৃণমূল এককভাবে এই ভোটব্যাংক ধরে রাখতে ব্যর্থ হওয়ায় বাম, কংগ্রেস এবং আইএসএফের মধ্যে ভোট বণ্টন হয়ে গেছে, যা সরাসরি বিজেপির জয়ের পথ সুগম করেছে।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে সরকার গঠনের জন্য ১৪৮টি আসনের প্রয়োজন। ২০২১ সালের নির্বাচনে তৃণমূল ২১৫টি আসন পেয়ে নিরঙ্কুশ জয় পেলেও এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। বর্তমানে রাজ্যের মোড়ে মোড়ে বিজেপির উল্লাস চললেও মমতা বন্দ্যোপাধ্যায় শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
মানবকণ্ঠ/আরআই




Comments