দীর্ঘ কয়েক মাসের সংঘাত ও উত্তেজনার অবসান ঘটিয়ে অবশেষে শান্তির পথে হাঁটছে যুক্তরাষ্ট্র ও ইরান। দুই দেশের মধ্যে যুদ্ধ বন্ধে একটি সংক্ষিপ্ত ১৪ দফার সমঝোতা স্মারক (MoU) চূড়ান্ত হওয়ার পথে রয়েছে বলে জানা গেছে। বুধবার (৬ মে) বার্তা সংস্থা রয়টার্স শান্তি প্রচেষ্টার সঙ্গে যুক্ত একটি উচ্চপর্যায়ের পাকিস্তানি সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, উভয় পক্ষের মধ্যে আলোচনার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। দ্রুতই এক পৃষ্ঠার একটি প্রাথমিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ও একই ধরনের খবর প্রকাশ করে জানিয়েছে, আলোচনার চূড়ান্ত পর্যায় এখন দৃশ্যমান। একটি নির্ভরযোগ্য সূত্র অ্যাক্সিওসকে বলেছে, "আমরা সমঝোতা স্বাক্ষরের খুব কাছাকাছি আছি এবং দ্রুতই এটি সম্পন্ন হবে।"
প্রস্তাবিত এই ১৪ দফার মেমোটি মূলত যুদ্ধ বন্ধের একটি প্রাথমিক কাঠামো হিসেবে কাজ করবে। পরবর্তীতে এর ভিত্তিতে বিস্তারিত শর্তাবলি এবং দীর্ঘমেয়াদি ভূ-রাজনৈতিক সমাধানের জন্য দুপক্ষ আলোচনায় বসবে। ওয়াশিংটন আশা করছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তেহরান কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের চূড়ান্ত প্রতিক্রিয়া জানাবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যুদ্ধ শুরুর পর থেকে এটিই দুই দেশের মধ্যে সবচেয়ে অগ্রসর পর্যায়ের কূটনৈতিক আলোচনা। এই সমঝোতা সফলভাবে বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীলতা অনেকটাই কমে আসবে।
পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজারে যে অস্থিরতা বিরাজ করছে, তা কাটিয়ে উঠতে এবং তেলের সরবরাহ স্বাভাবিক করতে এই চুক্তিটি বড় ধরনের ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।
মানবকণ্ঠ/আরআই




Comments