Image description

দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের অবসান ঘটিয়ে অবশেষে পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসতে চলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের ঘনিষ্ঠ এবং বর্তমানে গেরুয়া শিবিরের ‘জায়ান্ট কিলার’ হিসেবে পরিচিত শুভেন্দু অধিকারীর হাতেই উঠতে যাচ্ছে রাজ্যের শাসনভার।

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হঠিয়ে রাজ্যে প্রথমবারের মতো সরকার গড়তে যাচ্ছে বিজেপি। তবে নতুন এই মন্ত্রিসভায় বড় চমক হিসেবে থাকতে পারে দুজন উপ-মুখ্যমন্ত্রী। বাম জমানায় বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন রাজ্যের শেষ উপ-মুখ্যমন্ত্রী। এরপর দীর্ঘ দুই দশকে এই পদটি আর ব্যবহৃত হয়নি।

দলীয় সূত্রের খবর, সামাজিক ও আঞ্চলিক ভারসাম্য বজায় রাখতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ‘দুই ডেপুটি সিএম’ ফর্মুলা বেছে নিয়েছে। উপ-মুখ্যমন্ত্রী পদের দৌড়ে আসানসোল দক্ষিণ থেকে জয়ী অগ্নিমিত্রা পল এবং উত্তরবঙ্গের প্রতিনিধি হিসেবে শঙ্কর ঘোষের নাম সবথেকে বেশি আলোচিত হচ্ছে। ইতোমধ্যে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এই দুই নেতার পৃথক বৈঠক সেই সম্ভাবনাকে আরও জোরালো করেছে।

আজ সন্ধ্যায় নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে পরিষদীয় দলের নেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করবেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সবকিছু ঠিক থাকলে আগামীকাল ব্রিগেডের ঐতিহাসিক ময়দানে এক রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে শপথ নেবে নতুন মন্ত্রিসভা। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ এনডিএ শিবিরের শীর্ষ নেতৃত্বের উপস্থিত থাকার কথা রয়েছে।

সূত্র: এনডিটিভি

মানবকণ্ঠ/ডিআর