নারায়ণগঞ্জের মাসদাইর সিটি কবরস্থান জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর অনুসারীদের হুড়োহুড়িতে মসজিদের ফটকের গ্লাস ভেঙে অন্তত ৫ জন মুসল্লি আহত হয়েছেন। শুক্রবার (৮ মে) এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও মুসল্লিদের সূত্রে জানা গেছে, নাসীরুদ্দীন পাটওয়ারী জুমার খুতবার আগে ওই মসজিদে বক্তব্য প্রদান করেন। নামাজ শেষে তিনি যখন মসজিদ থেকে বের হচ্ছিলেন, তখন তার সাথে থাকা বিপুল সংখ্যক অনুসারীর মধ্যে হুড়োহুড়ি ও বিশৃঙ্খলা তৈরি হয়। অনুসারীরা মসজিদের ভেতরেই স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে তাদের প্রচণ্ড ধাক্কাধাক্কিতে মসজিদের প্রবেশপথের গ্লাস ভেঙে পড়ে। এতে পাশে থাকা অন্তত পাঁচজন মুসল্লি আঘাতপ্রাপ্ত হন এবং মসজিদের মেঝেতে রক্তের ছোপ ছোপ দাগ দেখা যায়।
আল-আমিন নামের একজন মুসল্লি অভিযোগ করে বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে আসা লোকজন অত্যন্ত উচ্ছৃঙ্খল আচরণ করেছেন। তারা মসজিদের ভেতরেই স্লোগান ও হুড়োহুড়ি শুরু করেন। এক পর্যায়ে গ্লাস ভেঙে কয়েকজনের হাত-পা কেটে যায়।’
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান বলেন, ‘সাধারণ মুসল্লি ও নেতা-কর্মীদের উপচে পড়া ভিড়ের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। মসজিদের গেটে মানুষের চাপে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে গেছে। আমরা ইতোমধ্যে মসজিদ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। এনসিপির পক্ষ থেকে ভেঙে যাওয়া গ্লাস পুনঃস্থাপন করে দেওয়া হবে। এই ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি।’
মানবকণ্ঠ/ডিআর




Comments