কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরি নদীর চোরাবালিতে পড়ে নুরে ইলাইহি নাদিম (১৩) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মে) সকাল আনুমানিক ১০টার দিকে চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উত্তর কাহারিয়াঘোনা খোন্দকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাদিম স্থানীয় সাংবাদিক অলি উল্লাহ রনির মেজ ছেলে। সে চকরিয়া কোরক বিদ্যাপীঠের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বন্ধুদের সঙ্গে মাতামুহুরি নদীতে গোসল করতে নামে নাদিম। নদীতে নামার পরই সে হঠাৎ একটি গভীর চোরাবালিতে আটকে তলিয়ে যেতে থাকে। তার বন্ধুদের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে দীর্ঘ প্রচেষ্টার পর তাকে উদ্ধার করে। পরে নাদিমকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাদিমের এই অকাল মৃত্যুতে পরিবারে এবং সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার বিকেল ৫টা ২০ মিনিটে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে, এই মর্মান্তিক ঘটনার পেছনে মাতামুহুরি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে দায়ী করছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নদীতে শ্যালো মেশিন বসিয়ে বালু তোলার ফলে বিভিন্ন স্থানে বিপজ্জনক গর্ত ও চোরাবালির সৃষ্টি হয়েছে। এর আগেও ছোটখাটো দুর্ঘটনার কথা জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এলাকাবাসী অবিলম্বে এই অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments