Image description

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, ভারতের প্রধানমন্ত্রী বর্তমানে পুরোপুরি ‘যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে’ রয়েছেন। ট্রাম্প যদি মোদিকে লাফ দিতে বলেন, তবে তিনি লাফই দেবেন বলে কটাক্ষ করেছেন এই কংগ্রেস নেতা।

শুক্রবার (৮ মে) এশিয়া নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রাহুল গান্ধী অভিযোগ করে বলেন, "যুক্তরাষ্ট্রের কাছে এমন কিছু সংবেদনশীল তথ্য রয়েছে, যার কারণে ভারতের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ক্ষুণ্ন হচ্ছে।"

রাহুলের এমন দাবির পেছনে একটি চাঞ্চল্যকর প্রসঙ্গের কথা বলা হয়েছে। তাঁর মতে, বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টিকারী কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের ফাইলে ভারতের প্রধানমন্ত্রীর নাম রয়েছে। আর এই গোপন তথ্যটিকেই ভারতের বিরুদ্ধে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দর-কষাকষির হাতিয়ার হিসেবে কাজে লাগাচ্ছে মার্কিন প্রশাসন।
গুরুগ্রামে আয়োজিত এক জনসভায় ভাষণ দেওয়ার সময় রাহুল গান্ধী সাম্প্রতিক মার্কিন-ভারত চুক্তিগুলোর কথা উল্লেখ করে বলেন, এগুলো কোনো সহযোগিতামূলক চুক্তি নয়, বরং জবরদস্তির সুস্পষ্ট প্রমাণ।

কংগ্রেসের এই শীর্ষ নেতা ধারাবাহিকভাবে নরেন্দ্র মোদিকে ‘আপসকারী’ হিসেবে অভিযুক্ত করে আসছেন। তাঁর দাবি, মোদিজি মূলত ডোনাল্ড ট্রাম্পের চাপে পড়েই সব কাজ করছেন। এর আগে, গত ২৫ এপ্রিলও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক ও পররাষ্ট্রনীতি নিয়ে মোদির কড়া সমালোচনা করে রাহুল গান্ধী বলেছিলেন, "প্রধানমন্ত্রী ট্রাম্পের দ্বারা পুরোপুরি ‘নিয়ন্ত্রিত’ হচ্ছেন।"

মানবকণ্ঠ/আরআই