বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার তার দায়িত্ব পালন করবে আর বিরোধী দল সমালোচনা করবে—এটাই স্বাভাবিক রাজনৈতিক চর্চা। তবে সেই সমালোচনা অবশ্যই গঠনমূলক হতে হবে, কারণ এটি গণতন্ত্রকে শক্তিশালী করে।
শুক্রবার (৮ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি ও এর অঙ্গসংগঠন যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভার প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী জানান, শনিবারের এ সভায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া দলের মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতারাও অংশ নেবেন। সভায় সারাদেশের নেতারা সাংগঠনিক বিষয়, সরকারের কার্যক্রম এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরবেন।
তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর গত কয়েক মাসে নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং চলমান কার্যক্রম নিয়েও আলোচনা হবে। পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল পুনর্খননের মতো কর্মসূচির কথাও উল্লেখ করেন তিনি।
সরকারবিরোধী আন্দোলনের প্রসঙ্গে রিজভী বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘ ১৬ বছর আন্দোলন করেছি। অনেক মানুষ জীবন দিয়েছেন। গণতন্ত্রে বিরোধী দলের সমালোচনা থাকবে, সেটাই স্বাভাবিক।”
তবে তিনি সতর্ক করে বলেন, উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলতে মিথ্যা তথ্য ছড়িয়ে কর্মসূচি দিলে তা রাজনৈতিক ষড়যন্ত্রে পরিণত হয়। তিনি দাবি করেন, অতীতে শেখ হাসিনার রাজনীতিতেও এমন প্রবণতা দেখা গেছে।
রিজভী আরও বলেন, সরকারের ভুলত্রুটি গঠনমূলকভাবে তুলে ধরলে রাষ্ট্র আরও কার্যকর ও জবাবদিহিমূলক হয়। শেষ পর্যন্ত জনগণই রাজনৈতিক দলগুলোর কার্যক্রম মূল্যায়ন করবে এবং নির্বাচনের মাধ্যমে রায় দেবে।
মানবকণ্ঠ/আরআই




Comments