বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিকে নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। মাঠের বাইরের জীবন নিয়েও সমর্থকদের আগ্রহ সবসময় তুঙ্গে থাকে। এবার এক টিভি সাক্ষাৎকারে নিজের ব্যক্তিজীবনের নানা মজার তথ্য শেয়ার করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
আর্জেন্টাইন টিভি উপস্থাপক পোয়ো আলভারেস-এর এক প্রশ্নের জবাবে মেসি জানান, তিনি সাধারণত নাক ডাকেন না। তবে খুব ক্লান্ত থাকলে এমনটা হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
মেসি বলেন, “আমার তো মনে হয় না আমি নাক ডাকি। তবে খুব ক্লান্ত থাকলে হতে পারে। কোন ভঙ্গিতে ঘুমাই সেটার ওপরও নির্ভর করে। পাশ ফিরে ঘুমালে কম হয়। এটা আসলে আন্তোনেলাকেই জিজ্ঞেস করতে হবে।”
মাঠে অসংখ্য অর্জনের মালিক হলেও পারিবারিক জীবনে মেসি একেবারে সাধারণ বাবার মতোই। প্রতিদিন সকালে নিজের তিন ছেলে—থিয়াগো, মাতেও ও সিরোকে স্কুলে পৌঁছে দেন তিনি। এরপরই যান অনুশীলনে।
এই প্রসঙ্গে মেসি বলেন, “বাচ্চাদের স্কুলের সময় অনুযায়ী ঘুম থেকে উঠি। কখনো সকাল ৬টা ৫০ মিনিট, আবার কখনো ৭টায়। ওদের স্কুলে দিয়ে তারপর ট্রেনিংয়ে যাই।”
অন্যান্য অভিভাবকদের সঙ্গে খুব বেশি মেলামেশা না হলেও বিষয়টি নিয়ে মেসির আক্ষেপও রয়েছে। তিনি জানান, সন্তানদের বন্ধুদের পরিবারের সঙ্গে খুব একটা পরিচয় হয় না। তবে এতে কিছুটা স্বস্তিও আছে বলে মনে করেন তিনি।
স্ত্রী অ্যান্টোনেল্লা রোকুজ্জোর কাজের ক্ষেত্রেও পাশে থাকেন মেসি। তিনি বলেন, সন্তানদের দায়িত্ব ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমে স্ত্রীকে কাজের সুযোগ করে দেওয়ার চেষ্টা করেন।
এছাড়া বিয়ের প্রস্তাব দেওয়ার স্মৃতিও ভাগ করে নেন মেসি। তার ভাষায়, “খুব আনুষ্ঠানিক কিছু ছিল না। বরং অনেকদিনের আলোচনার পর ‘চলো করি’ ধরনের সিদ্ধান্ত ছিল।”
মানবকণ্ঠ/আরআই




Comments