Image description

যুক্তরাষ্ট্রের সবচেয়ে উত্তরের শহর উটকিয়াগভিক এখন এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী। শহরটিতে শুরু হয়েছে ‘মিডনাইট সান’ বা মধ্যরাতের সূর্যকাল। এর ফলে আগামী টানা ৮৪ দিন অর্থাৎ প্রায় তিন মাস এই শহরে সূর্য একবারের জন্যও দিগন্তের নিচে নামবে না। মাসের পর মাস রাতহীন দিন কাটাবেন এই শহরের বাসিন্দারা।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার উটকিয়াগভিকের বাসিন্দারা এই মৌসুমের শেষ সূর্যাস্তটি দেখে ফেলেছেন। ওই দিন রাত ২টা ৫৭ মিনিটে সূর্য উদিত হওয়ার পর তা আগামী ২ আগস্ট পর্যন্ত আকাশে দৃশ্যমান থাকবে। এই দীর্ঘ সময়ে শহরটিতে দিন ও রাতের কোনো পার্থক্য থাকবে না; ঘড়ির কাঁটায় রাত বারোটা বাজলেও আকাশে সূর্যের দেখা মিলবে।

বিজ্ঞানীদের মতে, পৃথিবীর অক্ষীয় হেলে থাকা অবস্থান এবং সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণনের কারণেই মেরু অঞ্চলে এমন অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়। পৃথিবী তার কক্ষপথের তুলনায় ২৩.৫ ডিগ্রি কোণে হেলে থাকার ফলে গ্রীষ্মকালে উত্তর গোলার্ধ সূর্যের দিকে মুখ করে থাকে। উটকিয়াগভিক শহরটি আর্কটিক সার্কেলের প্রায় ৫০০ কিলোমিটার উত্তরে অবস্থিত হওয়ায় সেখানে সূর্যের আলো নিরবচ্ছিন্নভাবে পড়ে এবং সূর্য দিগন্তের নিচে যাওয়ার সুযোগ পায় না।

শহরটিতে গ্রীষ্মকালে যেমন টানা তিন মাস দিন থাকে, শীতকালে চিত্রটি হয় ঠিক এর উল্টো। তখন টানা ৬০ দিনেরও বেশি সময় সূর্যের দেখা মেলে না। সেই সময়কে বলা হয় ‘পোলার নাইট’ বা মেরু রাত।

উটকিয়াগভিকের বাসিন্দাদের কাছে এই ‘মিডনাইট সান’ বা অস্তহীন সূর্য জীবনযাত্রার একটি স্বাভাবিক অংশ। তবে বিজ্ঞানীদের কাছে এটি পৃথিবীর কক্ষপথ, বায়ুমণ্ডলের আচরণ এবং চরম আবহাওয়ায় মানুষের মানিয়ে নেওয়ার ক্ষমতা নিয়ে গবেষণার এক অনন্য সুযোগ। উত্তর মেরুর কাছাকাছি হওয়ায় উটকিয়াগভিকে বছরের আলোকচক্রের এই নাটকীয় পরিবর্তন বিশ্বজুড়ে কৌতূহল সৃষ্টি করে।

মানবকণ্ঠ/আরআই