চাঁদপুরের কচুয়া উপজেলায় ধান সংগ্রহ করতে গিয়ে বজ্রপাতে পদ্ম রানী (৫৫) নামে এক কৃষাণির মৃত্যু হয়েছে। এ সময় তাঁর ছেলে নারায়ণ (৩০) গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১১ মে) দুপুরে উপজেলার কড়ইয়া ইউনিয়নের বড় হায়াতপুর গ্ৰামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত পদ্ম রানী ওই গ্রামের সুনীল চন্দ্রের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বৃষ্টির সময় বাড়ির পাশের ফসলি মাঠে শুকিয়ে রাখা ধান আনতে যান পদ্ম রানী ও তাঁর ছেলে নারায়ণ। এ সময় হঠাৎ বজ্রপাত হলে মা ও ছেলে দুজনই গুরুতর আহত হন। প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে দ্রুত কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পদ্ম রানীকে মৃত ঘোষণা করেন। আহত নারায়ণ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে কচুয়া থানার এসআই মো. রুবেল সরকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
এ বিষয়ে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান রাসেল বলেন, “বজ্রপাতে নিহতের ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হবে।”
মানবকণ্ঠ/ডিআর




Comments