Image description

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে মার্কিন আর্মি ওয়ার কলেজের একটি প্রতিনিধিদলের সফরকালে বহুপাক্ষিকতা, জাতিসংঘ শান্তিরক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

১১ মে নিউইয়র্কে প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি বাংলাদেশের সাংবিধানিক অঙ্গীকারের ওপর গুরুত্বারোপ করেন। 

তিনি উল্লেখ করেন, বিশ্বজুড়ে শান্তি রক্ষায় জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের নিবিড় সম্পৃক্ততা রয়েছে।

রাষ্ট্রদূত চৌধুরী বলেন, “জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ অন্যতম বৃহৎ অবদানকারী দেশ হিসেবে তার অবস্থান বজায় রেখেছে। বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের সবচেয়ে কঠিন ও সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতে অত্যন্ত দক্ষতা এবং সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন, যা আন্তর্জাতিক মহলে প্রশংসিত।”

তিনি আরও বলেন, শান্তিরক্ষা কার্যক্রমের পাশাপাশি টেকসই উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু ন্যায়বিচারের মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুগুলোতে বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করছে। 

স্থায়ী মিশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করে তিনি জানান, সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সর্বদা সংলাপ, আপস ও ঐকমত্য গঠনের পক্ষে।

জাতিসংঘের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করে রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, বর্তমান বিশ্বের জটিল পরিস্থিতি মোকাবিলা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার জন্য কার্যকর যোগাযোগ ও পারস্পরিক সমঝোতা অপরিহার্য।

সফরকালে মার্কিন আর্মি ওয়ার কলেজের প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের শান্তিরক্ষা মিশন এবং আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।