দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৬ দশমিক ৫ কেজি ওজনের একটি কালো পাথরের বিষ্ণুমূর্তি জব্দ করেছে র্যাব ১৩। এ ঘটনায় দুই চোরাচালানকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব ১৩ সূত্রে জানা যায় সোমবার (১১ মে) দুপুর ২টা মিনিটে র্যাব-১৩ সিপিসি ১ দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের নতুন বারো আওলিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ধৃত আসামি মো. আব্দুর রউফের সার ও কীটনাশকের দোকানে তল্লাশি চালিয়ে টেবিলের নিচে প্লাস্টিকের ব্যাগে রাখা ৬.৫ কেজি ওজনের একটি কালো পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়।
এ ঘটনায় বীরগঞ্জ উপজেলার গণগাঁও গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মো. আব্দুর রউফ (৬২) এবং দগরাই খাটিয়াদীঘি গ্রামের মৃত ফজর আলীর ছেলে গণি মিয়া (৫৪)কে আটক করা হয়েছে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন তারা পরস্পর যোগসাজশে মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি সংরক্ষণ করে পার্শ্ববর্তী দেশে পাচারের চেষ্টা করছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাচার রোধে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।




Comments