আইআরজিসির তেল চালানের তথ্য দিলে ১৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ‘অবৈধ’ তেল সরবরাহ ব্যবস্থা এবং এর সঙ্গে যুক্ত সহযোগীদের সম্পর্কে তথ্য দিতে পারলে ১৫ মিলিয়ন (দেড় কোটি) ডলার পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (১২ মে) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম’-এর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই বিশেষ পুরস্কারের কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, “আইআরজিসি-র তেল চালান, এই ধরনের অবৈধ তেল স্থানান্তরের সাথে জড়িত ট্যাঙ্কার বা সংস্থা, অথবা এই সংশ্লিষ্ট কোনো বিশেষ কার্যকলাপ বা ব্যক্তি সম্পর্কে আপনার কাছে তথ্য থাকলে” সেই তথ্যদাতাকে বিপুল পরিমাণ এই অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে।
মার্কিন প্রশাসনের দাবি, আইআরজিসি তাদের তেল বিক্রির মাধ্যমে অর্জিত অর্থ বিভিন্ন দেশে তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর কার্যক্রমে ব্যয় করে থাকে। আইআরজিসি-র এই আর্থিক নেটওয়ার্ক এবং তেল পাচারের রুটগুলো শনাক্ত করে তা নস্যাৎ করতেই মূলত এই পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচিটি বিশ্বব্যাপী মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এমন ব্যক্তি বা সংস্থার তথ্য সংগ্রহের জন্য কাজ করে থাকে। আইআরজিসি এবং এর কুদস ফোর্সকে অনেক আগে থেকেই সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।




Comments