Image description

বেইজিংয়ের রুদ্ধদ্বার মধ্যাহ্নভোজের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের বাসভবন ও কর্মস্থল ‘ঝংনানহাই’ ঘুরিয়ে দেখালেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এক সময়ের রাজকীয় উদ্যান এবং বর্তমানে চীনের ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত এই স্থানে দুই নেতার পদচারণা শীর্ষ সম্মেলনে এক ভিন্ন মাত্রা যোগ করেছে।

পরিদর্শনের সময় শি জিনপিং ট্রাম্পকে এলাকাটির গুরুত্ব বুঝিয়ে বলেন, “ঝংনানহাই হলো সেই জায়গা যেখানে সিপিসি কেন্দ্রীয় কমিটি এবং রাষ্ট্রীয় পরিষদ কাজ করে। এখানেই আমি কাজ করি ও বাস করি।” 

তিনি আরও যোগ করেন, “নতুন চীন প্রতিষ্ঠার পর মাও সে-তুং, চৌ এনলাইসহ অতীতের সকল মহান চীনা নেতারা এখানেই বসবাস করতেন।”

অত্যন্ত যত্ন করে সাজানো বাগানটিতে দুই নেতা তাদের দোভাষীদের নিয়ে হাঁটেন। সেখানে থাকা শতবর্ষী গাছগুলো দেখে ট্রাম্প মুগ্ধতা প্রকাশ করেন। শি জিনপিং কিছু নির্দিষ্ট গাছ দেখিয়ে বলেন, “এই গাছগুলো সব ২০০ থেকে ৩০০ বছরের পুরোনো। এখানে একটি বড় গাছ আছে যা প্রায় ৪০০ বছরের পুরোনো।” কথোপকথনের এক পর্যায়ে শি উল্লেখ করেন যে, অন্য কোথাও ১,০০০ বছরের পুরোনো একটি গাছও রয়েছে।

এই ব্যক্তিগত আতিথেয়তার পেছনের কারণও ব্যাখ্যা করেন শি জিনপিং। তিনি জানান, ২০১৭ সালে ট্রাম্প তাঁকে ফ্লোরিডার মার-এ-লাগোতে আমন্ত্রণ জানিয়ে যে উষ্ণ আতিথেয়তা দেখিয়েছিলেন, তার পাল্টা সৌজন্য হিসেবেই তিনি ট্রাম্পকে নিজের এই ব্যক্তিগত বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, দুই পরাশক্তির মধ্যকার রাজনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েনের মাঝে এ ধরনের ব্যক্তিগত ও সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।