Image description

জাপানের উত্তরাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১৫ মে) স্থানীয় সময় রাত ৮টা ২২ মিনিটে মিয়াগি প্রিফেকচারের উপকূলে প্রশান্ত মহাসাগরে এই কম্পন অনুভূত হয়। তবে বড় ধরনের এই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিয়াগি উপকূল। তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

সংস্থাটি আরও জানিয়েছে, গত এপ্রিল মাসেও একই অঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। বিশেষ সতর্কতা তুলে নেওয়া হলেও ওই অঞ্চলে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি এখনো রয়ে গেছে বলে স্থানীয়দের সতর্ক করেছে জেএমএ।

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ১২৫ কিলোমিটার দূরে অবস্থিত মিয়াগি ও ফুকুশিমা অঞ্চলের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে কোনো অস্বাভাবিকতা ধরা পড়েনি। কর্তৃপক্ষ বিদ্যুৎকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করেছে। তবে নিরাপত্তার খাতিরে জাপানের বিখ্যাত দ্রুতগতির শিনকানসেন বুলেট ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

ভৌগোলিক অবস্থানের কারণে জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত, যেখানে চারটি প্রধান টেকটনিক প্লেটের সংযোগ রয়েছে। উল্লেখ্য, ২০১১ সালে জাপানে ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে প্রায় ১৮ হাজার ৫০০ মানুষ নিহত বা নিখোঁজ হয়েছিলেন, যার ফলে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বড় ধরনের বিপর্যয় ঘটেছিল।

মানবকণ্ঠ/ডিআর