Image description

যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়া-এর যৌথ সামরিক অভিযানে ইসলামিক স্টেটের (আইএস) দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মে) স্থানীয় সময় রাতে ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, ‘আমার নির্দেশনায় আমেরিকার সাহসী সেনা ও নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী বিশ্বের অন্যতম সক্রিয় সন্ত্রাসীকে নির্মূল করতে একটি নিখুঁত, সুপরিকল্পিত ও অত্যন্ত জটিল অভিযান সফলভাবে সম্পন্ন করেছে।’

তিনি আরও বলেন, আল-মিনুকি আফ্রিকায় লুকিয়ে থেকে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল, কিন্তু তার সব গতিবিধি মার্কিন গোয়েন্দা নেটওয়ার্কের পর্যবেক্ষণে ছিল।

ট্রাম্পের দাবি অনুযায়ী, এই অভিযানের মাধ্যমে আইএসের বৈশ্বিক কার্যক্রম বড় ধরনের ধাক্কা খেয়েছে। তিনি সফল অভিযানের জন্য নাইজেরিয়া সরকারকেও ধন্যবাদ জানান।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু যৌথ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লেক চাদ অববাহিকায় আল-মিনুকির গোপন আস্তানায় বিমান ও স্থল অভিযানে হামলা চালানো হয়। সেখানে তার বেশ কয়েকজন সহযোগীসহ তিনি নিহত হন।