Image description

ইসরায়েলের সামরিক অবস্থান ও বসতিগুলো লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় ব্যাপক হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। অন্তত ১৯টি পৃথক অভিযানে ড্রোনের ঝাঁক, ভারী কামান এবং বিস্ফোরক ব্যবহার করে ইসরায়েলি বাহিনীকে কোণঠাসা করে তুলেছে তারা। রোববার (১৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম প্রেসটিভি।

হিজবুল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, লেবানন সীমান্তঘেঁষা ইসরায়েলি সামরিক অবস্থান, সেনা সমাবেশ এবং লজিস্টিক সরঞ্জাম লক্ষ্য করে এই 'ভারী ও ধারাবাহিক' আক্রমণ চালানো হয়েছে। বিশেষ করে আল-বাইয়াদ এলাকায় অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর একটি কমান্ড সদর দপ্তরে দুটি আক্রমণাত্মক ড্রোন দিয়ে নিখুঁত হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি। এছাড়া দক্ষিণ লেবাননের রাশাফ এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি বুলডোজার লক্ষ্য করে শক্তিশালী মাইন বিস্ফোরণ ঘটানো হয়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের সামরিক অবস্থানে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কথা স্বীকার করেছে। এই হামলার জবাবে ইসরায়েলও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, আল-মারওয়ানিয়াহ এবং কাওথারিয়েহ আল-সাইয়্যাদসহ বেশ কিছু আবাসিক এলাকায় ইসরায়েলি বোমাবর্ষণ হয়েছে। তবে ইসরায়েলের দাবি, তারা হিজবুল্লাহর সামরিক স্থাপনাগুলোকেই লক্ষ্যবস্তু করেছে।

এদিকে, সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কায় দক্ষিণ লেবাননের সাইদা ও নাবাতিয়েহ জেলার অন্তত নয়টি গ্রামের বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ওই এলাকাগুলোতে হিজবুল্লাহর বিরুদ্ধে ‘কঠোর পদক্ষেপ’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। ফলে সীমান্তজুড়ে চরম উত্তেজনা ও বড় ধরনের যুদ্ধের আশঙ্কা বিরাজ করছে।

মানবকণ্ঠ/আরআই