Image description

যুক্তরাষ্ট্র আগামী এক থেকে দুই দিনের (২৪-৪৮ ঘণ্টা) মধ্যেই ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান বা যুদ্ধ শুরু করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

এর কারণ হিসেবে তিনি বলেছেন যে, ট্রাম্পের “কানে কানে অনেক লোক কথা বলে” আর নেতানিয়াহু এবং তার নিজের প্রশাসনের “অত্যন্ত যুদ্ধবাজ ব্যক্তিরাও” রয়েছেন।

সাক্ষাৎকারে এলমাসরি বলেন, ট্রাম্প ইরানকে যে অবস্থানে দেখতে চেয়েছিলেন বা তাদের কাছ থেকে যে ধরণের নিঃশর্ত আত্মসমর্পণ আশা করেছিলেন, তা তিনি পাননি। ইরানিরা মাথা নত না করায় ট্রাম্প এখন বিকল্প পথ খুঁজছেন।

বিশ্লেষণে আরও উঠে আসে যে, চীনে শি জিনপিংয়ের সঙ্গে সাম্প্রতিক শীর্ষ সম্মেলনে ট্রাম্পের উচ্চ প্রত্যাশা ছিল। তিনি আশা করেছিলেন আলোচনার মোড় ভিন্নভাবে ঘুরবে, কিন্তু সেখানেও তার প্রত্যাশা পূরণ হয়নি।

এলমাসরি মনে করেন এই মুহূর্তে ট্রাম্পের জন্য যুদ্ধটি শেষ করে দেওয়াই বিচক্ষণতার কাজ হবে, কারণ রাজনৈতিক ও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এটি “তার জন্য” এবং যুক্তরাষ্ট্রের জন্য “একটি সত্যিকারের বিপর্যয়” হয়ে দাঁড়িয়েছে।

তবে, তার এমনটা করার সম্ভাবনা কম বলে মনে করেন এই অধ্যাপক। কারণ হিসেবে তিনি বলেন, ট্রাম্প এই মুহূর্তে আমেরিকার জনগণের কাছে একটি বিশ্বাসযোগ্য বিজয় ঘোষণা নিয়ে ফিরে যেতে পারবেন না”।

__আল জাজিরা