মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নতুন চুক্তিতে পৌঁছানোর জন্য তীব্রভাবে চেষ্টা করছে। ওয়াশিংটনে হোয়াইট হাউসে আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।
বক্তব্যের শুরুতেই মার্কিন সামরিক বাহিনীর শ্রেষ্ঠত্ব তুলে ধরে ট্রাম্প বলেন, "আমাদের কাছে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে।" এ সময় তিনি ভেনেজুয়েলা সংকট এবং ইরানের বিরুদ্ধে মার্কিন প্রশাসনের সাম্প্রতিক কৌশলগত ও সামরিক পদক্ষেপের বিষয়গুলো আলোচনা করেন।
ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব তুলে ধরে ট্রাম্প বলেন, তেহরান এখন একটি চুক্তি করার জন্য মরিয়া হয়ে উঠেছে। তবে ভবিষ্যতে কী ঘটে, তা দেখার বিষয়। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে জানান যে, ইরানের ওপর ওয়াশিংটন সর্বোচ্চ চাপ প্রয়োগ করেছে এবং দেশটির ওপর জোরালো আঘাত হানা হয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প এই কঠোর পদক্ষেপের যৌক্তিকতা তুলে ধরে বলেন, "আমাদের সামনে এটি করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। কারণ ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে দেওয়া হবে না। আমরা তাদের এটি কোনোভাবেই করতে দেব না।"
বিশ্লেষকদের মতে, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞার যে ব্যাপক প্রভাব পড়েছে, ট্রাম্পের এই হুশিয়ারি তারই ইঙ্গিত বহন করে। পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করে ইরানকে একটি নতুন ও কঠোর চুক্তিতে বাধ্য করাই যে ওয়াশিংটনের মূল লক্ষ্য, তা এই বক্তব্যে আবারও স্পষ্ট হলো।
সূত্র: আল-জাজিরা
মানবকণ্ঠ/আরআই




Comments