ভারতে ‘সিজেপি’র পর পাকিস্তানে নতুন দল ‘তেলাপোকা’ আওয়ামী লীগের আত্মপ্রকাশ
ভারতের ‘তেলাপোকা জনতা পার্টি’ বা সিজেপির ভাইরাল ঝড়ের রেশ এবার পৌঁছেছে পাকিস্তানেও। দেশটির রাজনৈতিক অঙ্গনে সিজেপির অনুপ্রেরণায় ‘তেলাপোকা আওয়ামী লীগ’সহ তিনটি নতুন ব্যঙ্গাত্মক রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। শুক্রবার (২২ মে) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
পাকিস্তানে আত্মপ্রকাশ করা দল তিনটি হলো—তেলাপোকা আওয়ামী লীগ, তেলাপোকা আওয়ামী পার্টি এবং মুত্তিহিদা তেলাপোকা মুভমেন্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব দলের নামে খোলা অ্যাকাউন্টগুলোর অনুসারী সংখ্যা হু হু করে বাড়ছে। তেলাপোকা আওয়ামী লীগ তাদের বায়োতে জানিয়েছে, এটি তরুণদের দ্বারা পরিচালিত একটি রাজনৈতিক ফ্রন্ট।
এই বিচিত্র ধারার রাজনীতির শুরু হয়েছিল ভারতে। দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এক শুনানির সময় বেকার তরুণদের ‘তেলাপোকা ও পরজীবী’র সঙ্গে তুলনা করেছিলেন। এর প্রতিবাদে ৩০ বছর বয়সী যুবক অভিজিৎ দীপকে ‘তেলাপোকা জনতা পার্টি’ (CJP) গঠন করেন। মাত্র কিছুদিনের ব্যবধানে দলটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুসারী সংখ্যা ২ কোটি ছাড়িয়ে গেছে, যা ভারতের মূলধারার রাজনৈতিক দল বিজেপি বা কংগ্রেসের চেয়েও বেশি।
ভারতের এই ভাইরাল আন্দোলনটি এখন সীমান্ত পেরিয়ে পাকিস্তানেও তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। দলগুলোর লোগো এবং নামকরণেও ভারতীয় সেই দলটির মিল খুঁজে পাওয়া যাচ্ছে।
মানবকণ্ঠ/আরআই




Comments