Image description

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে দিল্লিতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে সরাসরি ফোনকলে যুক্ত হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি অকৃত্রিম বন্ধুত্বের বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোদিকে নিজের ‘ঘনিষ্ঠ বন্ধু’ এবং নিজেকে তার ‘বড় ভক্ত’ হিসেবে অভিহিত করে ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভারত যা চাইবে যুক্তরাষ্ট্র তা-ই দেবে।

রোববার (২৪ মে) দিল্লিতে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর। অনুষ্ঠানের বিশাল পর্দায় সরাসরি যুক্ত হয়ে ট্রাম্প বলেন, ‘আমি প্রধানমন্ত্রী মোদিকে ভালোবাসি। তিনি একজন অসাধারণ মানুষ এবং আমার খুব ভালো বন্ধু।’

ভারত ও যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্ককে ইতিহাসের সেরা সময় হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘ভারত আমাদের ওপর ১০০ ভাগ ভরসা রাখতে পারে। ভারতের যদি কোনো সহায়তার প্রয়োজন হয়, তবে তারা ভালো করেই জানে কোথায় ফোন করতে হবে। ভারত যা চাইবে, তা-ই পাবে।’

অনুষ্ঠানে ট্রাম্প মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের ‘সেরা পররাষ্ট্রমন্ত্রী’ হিসেবে আখ্যা দেন। সেই সঙ্গে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হোয়াইট হাউস সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানোর বিষয়টিও নিশ্চিত করেন।

এদিকে ভারত সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ওয়াশিংটন ও দিল্লি একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠককালে তিনি প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা, খনিজ সম্পদ এবং বাণিজ্য বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এই চুক্তি দুই দেশের অর্থনীতির জন্য নতুন মাইলফলক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মানবকণ্ঠ/আরআই