ইরান ও আঞ্চলিক শক্তিগুলোর মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি এবং বৈশ্বিক জ্বালানি সংকটের অনিশ্চয়তার মধ্যেই সৌদি আরবে শুরু হয়েছে ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ পবিত্র হজ। শুক্রবার পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লক্ষাধিক হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন এবং এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।__আল জাজিরা
হজ পাসপোর্ট বাহিনীর কমান্ডার সালেহ বিন সাদ আল-মুরব্বা এক বিবৃতিতে জানিয়েছেন, ইতিমধ্যে ১৫ লাখের বেশি বিদেশি তীর্থযাত্রী রাজ্যে প্রবেশ করেছেন। সুষ্ঠুভাবে হজের কার্যক্রম সম্পন্ন করতে সৌদি প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
মক্কায় এখন বইছে তীব্র দাবদাহ। প্রচণ্ড গরম উপেক্ষা করেই সাদা ইহরাম পরে হজযাত্রীরা গ্র্যান্ড মসজিদের পবিত্র কাবা শরিফ প্রদক্ষিণ (তাওয়াফ) করছেন। রোদ থেকে বাঁচতে অনেকে ছাতা ও হাতপাখা ব্যবহার করছেন। স্বেচ্ছাসেবকরা হজযাত্রীদের স্বস্তি দিতে পানি ও কুয়াশা ছড়ানো ফ্যান দিয়ে নিরলস সেবা দিয়ে যাচ্ছেন।
অনেকের কাছে হজে আসাটা সারাজীবনের স্বপ্নপূরণ। মিশরীয় হজযাত্রী সামিয়া আব্দুল মোনেইম আবেগপ্লুত হয়ে বলেন, "আমি এক আশীর্বাদ ও আনন্দের ঘোরে আছি। আল্লাহর শুকরিয়া, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।"
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রবিজ্ঞানী ও হজযাত্রী ইউসুফ চৌহুদ বলেন, "এটি আমার জন্য একটি নতুন সূচনা। হজের এই পথচলা যেমন শারীরিক পরিশ্রমের, তেমনি আধ্যাত্মিকভাবে রূপান্তরেরও মাধ্যম। একে অপরকে সাহায্য করার যে প্রতিযোগিতা এখানে দেখা যায়, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।"
এবারের হজ এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক অস্থিরতা বিরাজমান। যুক্তরাষ্ট্র, ইরান এবং আঞ্চলিক দেশগুলোর মধ্যে একটি ‘সমঝোতা স্মারক’ নিয়ে আলোচনা চলছে। ওয়াশিংটনের আশা, এই আলোচনার মাধ্যমে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া সম্ভব হবে এবং ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সংঘাতের কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের সমাধান ঘটবে। এই অনিশ্চয়তার মধ্যেও হজযাত্রীরা তাদের বিশ্বাসের ওপর ভরসা রেখে হজের আনুষ্ঠানিকতা পালন করছেন।
মিনায় তাঁবু শহরে অবস্থান শেষে হজযাত্রীরা মঙ্গলবার হজের প্রধান ও আধ্যাত্মিক শিখর 'আরাফাতের ময়দানে' সমবেত হবেন। সেখানে তারা দিনভর প্রার্থনা, ক্ষমা প্রার্থনা এবং বিশ্ব শান্তির জন্য মোনাজাত করবেন।
উল্লেখ্য, সামর্থ্যবান ও শারীরিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানের জন্য জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ বা আবশ্যক।




Comments