পারস্য উপসাগরীয় অঞ্চলে চরম উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। মঙ্গলবার (২৬ মে) বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করায় একটি এমকিউ-৯ (MQ-9) ড্রোন গুলি করে নামানো হয়েছে। একই সময়ে মার্কিন এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান লক্ষ্য করেও গুলি ছোড়ার দাবি করেছে তেহরান।
আইআরজিসির সংবাদ মাধ্যম 'সেপাহ নিউজ'-এর এক বিবৃতিতে জানানো হয়, তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট পারস্য উপসাগরীয় অঞ্চলে নজরদারি চালানোর সময় মার্কিন ড্রোনটি শনাক্ত করে এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে। বিবৃতিতে আরও দাবি করা হয়, গার্ড বাহিনীর সদস্যরা একটি আরকিউ-৪ (RQ-4) ড্রোন এবং অত্যাধুনিক এফ-৩৫ ফাইটার জেটের দিকেও গুলি চালিয়েছে। তবে এই আক্রমণগুলো ঠিক কোন সময়ে ঘটেছে, তা সুনির্দিষ্টভাবে জানানো হয়নি।
এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন সৌদি আরবে কয়েক লাখ মুসল্লি পবিত্র হজ পালন করছেন। এই অঞ্চলের ভঙ্গুর যুদ্ধবিরতি এখন চরম অনিশ্চয়তার মুখে। এর আগে সোমবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছিল, তারা দক্ষিণ ইরানে ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং মাইন স্থাপনের চেষ্টায় নিয়োজিত স্পিডবোটগুলোর ওপর হামলা চালিয়েছে।
এদিকে, মার্কিন হামলার প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক কঠোর লিখিত বিবৃতিতে বলেছেন, “সময়ের চাকা আর পেছনের দিকে ঘুরবে না। এই অঞ্চলের দেশগুলো আর মার্কিন ঘাঁটিগুলোর সুরক্ষাকবচ বা ঢাল হিসেবে ব্যবহৃত হবে না।” পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এই বার্তায় তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ক্রমেই তাদের প্রভাব হারাচ্ছে।
ইরান এখন পর্যন্ত মার্কিন বিমান হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর আব্বাসে শক্তিশালী বিস্ফোরণের খবর দিয়েছে। এই পাল্টাপাল্টি অবস্থানে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করা হচ্ছে।
মানবকণ্ঠ/আরআই




Comments