Image description

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের তীব্র সমালোচনা করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। এই যুদ্ধকে ‘বেপরোয়া সিদ্ধান্ত’ হিসেবে অভিহিত করে তিনি অবিলম্বে তা বন্ধের দাবি জানিয়েছেন। শুক্রবার (২৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই জোরালো আহ্বান জানান।

মেয়র মামদানি বলেন, এই যুদ্ধ বিদেশে হাজার হাজার বেসামরিক মানুষের প্রাণ কেড়ে নেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের শ্রমজীবী পরিবারগুলোর ওপরও চরম নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি উল্লেখ করেন, “আজ থেকে তিন মাস আগে এমন একটি যুদ্ধ শুরু হয়েছিল, যার জন্য কেউ ভোট দেয়নি। অথচ এর মূল্য দিতে হচ্ছে সেই সব মানুষকে, যাদের এ বিষয়ে কোনো মতামত দেওয়ার সুযোগই ছিল না।”

এই যুদ্ধের মানবিক ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতির খতিয়ান তুলে ধরে তিনি বলেন, যুদ্ধে ইতোমধ্যে হাজার হাজার বেসামরিক নাগরিক এবং ১৩ জন মার্কিন সেনাসদস্য প্রাণ হারিয়েছেন। কংগ্রেসের কোনো অনুমোদন ছাড়াই এই যুদ্ধ শুরু করার ফলে খোদ আমেরিকার সাধারণ মানুষও ভুগছে। পেট্রোল পাম্প থেকে শুরু করে মুদি দোকানে পণ্যসামগ্রীর দাম অস্বাভাবিক হারে বেড়েছে, যা সাধারণ মানুষের পারিবারিক বাজেটকে খাদের কিনারায় নিয়ে গেছে।

মামদানি ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিদেশে ঝরে যাওয়া প্রতিটি প্রাণ এবং দেশের মানুষের পকেট থেকে বেরিয়ে যাওয়া প্রতিটি ডলার মূলত একটি হঠকারী সিদ্ধান্তের ফল। যাদের এই ধাক্কা সামলানোর সামর্থ্য সবচেয়ে কম, তাদের ঘাড়েই এই যুদ্ধের বোঝা চাপানো হয়েছে। অথচ যারা এই যুদ্ধের সিদ্ধান্ত নিয়েছেন, তারা এর কোনো মূল্য চোকাবেন না।”

শুরু থেকেই এই যুদ্ধের বিরোধিতা করে আসা জোহরান মামদানি তাঁর পোস্টে দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করেন যে, এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটানো এখন সময়ের দাবি।

মানবকণ্ঠ/আরআই