Image description

ইসরায়েলের পরবর্তী সামরিক লক্ষ্যবস্তু হতে পারে তুরস্ক ও মিসর-এমনটাই দাবি করেছেন ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে দণ্ডিত সাবেক মার্কিন গোয়েন্দা বিশ্লেষক জনাথন পোলার্ড। একই সঙ্গে ইসরায়েলি নীতিনির্ধারকদের মধ্যে আংকারাকে ‘নতুন ইরান’ এবং ভবিষ্যৎ শত্রু হিসেবে দেখানোর যে প্রবণতা তৈরি হয়েছে, পোলার্ডের বক্তব্যে তারই প্রতিফলন ঘটেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমের একটি পডকাস্টে জনাথন পোলার্ড বলেন, ইরানের সঙ্গে সংঘাতের পর ইসরায়েলকে আরো বড় আঞ্চলিক যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। ইরানিদের সঙ্গে আমাদের যতটা সহজ সময় কেটেছে, তুর্কিদের সঙ্গে ততটা সহজ হবে না। আমাদের পরবর্তী যুদ্ধ সম্ভবত হবে তুরস্ক ও মিসরের বিরুদ্ধে। একটি বড় ঝড় আসছে।

পোলার্ড সিরিয়ায় তুরস্ক-সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকারকে ইসরায়েলি বাহিনী দ্বারা দখলকৃত দক্ষিণাঞ্চলের নিয়ন্ত্রণ পুনরায় ফিরিয়ে দেওয়ার বিরুদ্ধেও ইসরায়েলকে সতর্ক করেছেন। তিনি যুক্তি দেন, এই ধরনের পদক্ষেপ তুর্কিদের ইসরায়েলি সীমান্তে নিয়ে আসবে। সিরিয়ায় তুরস্কের ভূমিকা এবং এর ক্রমবর্ধমান আঞ্চলিক প্রভাব নিয়ে ইসরায়েলের উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটে তার এই মন্তব্য এসেছে।

এই মন্তব্যগুলো তুরস্ককে একটি বড় সামরিক হুমকি হিসেবে নতুন করে তুলে ধরার বৃহত্তর ইসরায়েলি প্রচেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।