Image description

জামালপুরের ইসলামপুরে গভীর রাতে অ্যাসিড নিক্ষেপ করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দগ্ধ দম্পতি ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (২৯ মে) দিবাগত রাতে ইসলামপুর পৌর এলাকার টংগের আলগা উত্তর পাড়া গ্রামে আল আমিনের বাড়িতে এই ঘটনা ঘটে।

আহত আল আমিনের চাচা হাসর আলীসহ স্বজনরা জানান, আক্তার আলীর ছেলে আল আমিনের পাকা ঘরে আগে থেকেই একটি সংঘবদ্ধ ডাকাত দল গোপনে ঘরে প্রবেশ করে অবস্থান নেয়। তারা ঘুমিয়ে গেলে গভীর রাতে ডাকাত দল নগদ টাকা ও স্বর্ণালংকার এবং ২টি মোবাইল নিয়ে যাওয়ার পথে আল আমিন (৩২) ও তার স্ত্রী আখিয়া আক্তার (২৮) শরীরে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।

এ সময় তাদের চিৎকারে স্বজনরা জেগে উঠে অ্যাসিড দগ্ধ অবস্থা দেখে তাদের প্রথমে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা বারডেম হাসপাতালে নেওয়া হয়। তারা দুজন বর্তমানে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
 
ইসলামপুর থানা পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।