Image description

যুক্তরাষ্ট্রের ‘ইরান যুদ্ধে’ জড়ানো মোটেও উচিত হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধকে তিনি ইরাক আক্রমণের মতোই একটি ‘বোকামিপূর্ণ কাজ’ হিসেবে অভিহিত করেছেন। আজ রোববার (৩১ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরান বিষয়ে নিজের পরবর্তী পদক্ষেপ নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প এমন বিস্ফোরক মন্তব্য করেন।

সাক্ষাৎকারে ট্রাম্প ইরাক যুদ্ধের তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে বলেন, “মার্কিন বাহিনীর বাগদাদ কিংবা ইরানে যাওয়া উচিত হয়নি। ইরাকের দিকে তাকিয়ে দেখুন কী ঘটেছে। আমরা সেখানে যা করেছি তা ছিল অত্যন্ত বোকামিপূর্ণ। আসলে আমাদের শুরু থেকেই সেখানে থাকা উচিত ছিল না।”

ইরান যুদ্ধ প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, সামরিক হস্তক্ষেপ ভুল হলেও ৯ মাস আগে মার্কিন বি-২ বোমারু বিমান দিয়ে চালানো হামলাটি ছিল অনিবার্য। তিনি বলেন, “যদি আমরা তখন তাদের ওপর হামলা না করতাম, তবে এখন ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকত এবং পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতো। সেক্ষেত্রে হয়তো ইসরায়েল কিংবা মধ্যপ্রাচ্য—কোনোটিরই অস্তিত্ব থাকত না।”

ট্রাম্প আরও দাবি করেন, যুদ্ধ চলাকালীন তিনি ইচ্ছা করেই ইরানের নিয়মিত সামরিক বাহিনীকে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রেহাই দিয়েছেন। এর কারণ হিসেবে তিনি বলেন, “আমরা মনে করি ইরানের সামরিক বাহিনী কিছুটা ‘মধ্যপন্থী’। কিন্তু তাদের নেতৃত্বের মধ্যে এমন কিছু লোক ছিল যারা চরমপন্থী এবং আমরা কেবল তাদেরই সরিয়ে দিয়েছি।”

যুদ্ধে কোনো দেশকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার পরিণাম নিয়ে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “যুদ্ধে এমন কিছু ভুল হয় যেখানে আপনি পুরো দেশটিকে নিশ্চিহ্ন করে দেন। এর ফলে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয় যা পরবর্তী ৪০ বছরেও আর পুনর্গঠন করা সম্ভব হয় না। আমি সেই ভুল করতে চাইনি।”

মানবকণ্ঠ/আরআই