Image description

ভারতের রাজধানী দিল্লির মেহরৌলি এলাকায় একটি পুরোনো পাঁচতলা আবাসিক ভবন ধসে অন্তত ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) ঘটা এই ভয়াবহ দুর্ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা নিশ্চিত করতে এখনও উদ্ধার অভিযান চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ও দমকল বিভাগ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হঠাৎ বিকট শব্দে ভবনটি হুড়মুড়িয়ে ধসে পড়ে। ধসে পড়া ভবনের একটি অংশ পাশের একটি স্থাপনার ওপর আছড়ে পড়ে, যেখানে মেডিকেল শিক্ষার্থীদের জন্য একটি মেস বা খাবারের ঘর ছিল। এতে সেখানে অবস্থানরত কয়েকজন এবং ভবনটির বাসিন্দারা ইটের নিচে চাপা পড়েন। মুহূর্তের মধ্যে পুরো এলাকা ধুলার আস্তরণে ছেয়ে যায় এবং স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পর মেহরৌলি থানার পুলিশ, জেলা বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং এনডিআরএফ যৌথভাবে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধার হওয়া ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এখনও নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।

এদিকে এই ট্র্যাজেডি নিয়ে প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও নিখোঁজদের স্বজনরা। তাদের অভিযোগ, ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল এবং এর নির্মাণ কাজও ছিল ত্রুটিপূর্ণ, কিন্তু প্রশাসন আগে থেকে কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি পুলিশ আসার আগে সাধারণ মানুষই নিজ উদ্যোগে তিনজনকে উদ্ধার করেন। স্বজনদের অভিযোগ, উদ্ধার কাজের ধীরগতি ও সঠিক তথ্যের অভাবে তাদের উদ্বেগ বেড়েই চলেছে।

দিল্লি প্রশাসন জানিয়েছে, ভবন ধসের প্রকৃত কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। বর্তমানে এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত সেখানে জনসাধারণের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে।

মানবকণ্ঠ/আরআই