জনগণের অধিকার সুরক্ষার নিশ্চয়তা ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: কালিবাফ
ওয়াশিংটন যদি ইরানি জনগণের অধিকার সুরক্ষার সুনির্দিষ্ট নিশ্চয়তা না দেয়, তবে তেহরান তাদের সঙ্গে কোনো ধরনের চুক্তিতে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ।
রোববার (৩১ মে) সংসদের পুনর্নির্বাচিত স্পিকার হিসেবে শপথ গ্রহণের পর একটি ভার্চুয়াল অধিবেশনে তিনি এই মন্তব্য করেন। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি এই তথ্য নিশ্চিত করেছে।
স্পিকার কালিবাফ তাঁর বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রতি চরম অনাস্থা প্রকাশ করে বলেন, “শত্রুর কোনো কথা বা প্রতিশ্রুতিতে আমাদের বিশ্বাস নেই। কেবল মৌখিক আশ্বাস নয়, বরং আমাদের প্রতিশ্রুতি পূরণের আগে বাস্তব ফলাফল অর্জন করাই হবে তেহরানের একমাত্র মাপকাঠি।”
ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা চালানোর পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। তেহরান এর জবাবে উপসাগরীয় অঞ্চলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে হামলা চালায় এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেয়।
পাকিস্তানের মধ্যস্থতায় ৮ই এপ্রিল একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, কিন্তু ইসলামাবাদে পরবর্তী আলোচনা একটি স্থায়ী চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে এই যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেন।
এরপর থেকে ইরান ও যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনা পুনরায় শুরু করতে এবং যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাব ও পাল্টা প্রস্তাব বিনিময় অব্যাহত রেখেছে।
সূত্র: আনাদোলু




Comments