Image description

কল্পনা করুন, আপনি আপন মনে রাস্তা দিয়ে হাঁটছেন আর হঠাৎ একদল মৌমাছি এসে আপনার শরীরে বাসা বাঁধতে শুরু করেছে! অবিশ্বাস্য মনে হলেও ২৫ বছর বয়সী এক যুবকের জীবনে এমনই এক লোমহর্ষক ও ভয়ংকর ঘটনা ঘটেছে। রানি মৌমাছির আকর্ষণে মুহূর্তেই যুবকের পশ্চাৎদেশে চাক বাঁধে হাজার হাজার মৌমাছি। ‘ভয়ংকর ৩০ মিনিট’ শিরোনামের সেই ভিডিওটি এখন নেটদুনিয়ায় রীতিমতো কাঁপন ধরাচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন অনুযায়ী, ভেরেল নামের ওই যুবক তাঁর গ্যারেজে যাওয়ার সময় একটি রানি মৌমাছি উড়ে এসে তাঁর প্যান্টের ওপর বসে। রানি মৌমাছির ফেরোমোন বা বিশেষ গন্ধের টানে মুহূর্তের মধ্যে কয়েক হাজার কর্মী মৌমাছি তাঁকে ছেঁকে ধরে। পরিস্থিতি এতটাই জটিল হয় যে, তাঁর শরীরকেই মৌমাছিরা আস্ত এক চাকে পরিণত করে ফেলে।

এমন পরিস্থিতিতে সামান্য নড়াচড়া করার অর্থ ছিল শত শত বিষাক্ত হুলের আক্রমণ এবং নিশ্চিত মৃত্যু। কিন্তু ভেরেল অসীম সাহস ও ধৈর্যের পরিচয় দেন। তিনি একটানা ৩০ মিনিট মূর্তির মতো একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন। তাঁর এই নিশ্চল অবস্থানের কারণেই মৌমাছিরা তাঁকে কামড় দেয়নি।

দীর্ঘ আধা ঘণ্টা চরম আতঙ্কে কাটানোর পর, ত্রাতা হিসেবে এগিয়ে আসেন অন্য এক ব্যক্তি। তিনি অত্যন্ত কৌশলে রানি মৌমাছিটিকে একটি পাত্রে বন্দি করতে সক্ষম হন। রানি মৌমাছিটিকে সরিয়ে নেওয়ার সাথে সাথেই চাক বাঁধতে থাকা মৌমাছির বিশাল বহরটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং ভেরেল এক নিশ্চিত অপমৃত্যুর হাত থেকে রক্ষা পান।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি পুনরায় শেয়ার করার পর তা নতুন করে ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখে নেটিজেনরা হতবাক। অনেকেই ভেরেলের মানসিক দৃঢ়তার প্রশংসা করে লিখেছেন, “একটু নড়লেই জীবন শেষ হয়ে যেত, এই ধৈর্য সত্যিই অতুলনীয়!”

যদিও ঘটনাটি কিছুকাল আগের, তবে ইন্টারনেটের কল্যাণে এটি আবারও আলোচনায় এসেছে। প্রকৃতির বিচিত্র খেয়াল আর প্রাণিজগতের এমন আচরণ মানুষকে নতুন করে ভাবিয়ে তুলছে।

মানবকণ্ঠ/আরআই