শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলে একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ জন নিহত ও আরো আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) এই তথ্য জানিয়েছে দেশটির পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, বুধবার (৩ জুন) সন্ধ্যায় কলম্বো থেকে প্রায় ৬৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে কালুতারা জেলার আঙ্গুরুওয়াতোটায় অবস্থিত মাওপিয়া সেভানা বৃদ্ধাশ্রমে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশের মুখপাত্র ফ্রেডরিক উটলার জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে ৫১ জন বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে। সেখানে মানসিক রোগীদেরও রাখা হতো বলে জানান তিনি।
প্রথমে ১১ জনের মৃত্যুর খবর এলেও পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা ১২ জনে দাঁড়িয়েছে।
এ ছাড়া ৮ জন গুরুতর আহত হয়ে হোরানা বেস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগ এনে বৃদ্ধাশ্রমটির মালিক ও পরিচালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
অ্যাসোসিয়েটেড প্রেসের ফুটেজে দেখা গেছে, ভবনটি ভস্মীভূত হয়ে গেছে, এর আসবাবপত্র ও সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে এবং আশপাশে মৃতদেহ পড়ে আছে।




Comments