Image description

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই শিশু ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের চকপাড়া এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশুরা হলো—রাজশাহীর লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা প্রকৌশলী আকিব হোসেনের দুই ছেলে ইজাদ (২ মাস) ও ইহান (৪ বছর)।

এই দুর্ঘটনায় প্রকৌশলী আকিব হোসেন (৩৫), তাঁর স্ত্রী অমি খাতুন (৩২) এবং মা কণা বেগম (৬০) গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা ঈদের ছুটি শেষে রাজশাহী থেকে মাইক্রোবাসে করে ঢাকায় ফিরছিলেন বলে জানা গেছে।

বনপাড়া ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে সপরিবারে ঢাকায় ফেরার পথে চকপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আমবোঝাই ট্রাকের সাথে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। মাইক্রোবাসের সামনের আসনে প্রকৌশলী আকিব তাঁর দুই সন্তানকে নিয়ে বসা ছিলেন। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই দুই মাস বয়সী শিশু ইজাদ প্রাণ হারায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পথে বড় ছেলে ইহানও মারা যায়।

বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করি। শিশু দুটি বাবার কোলেই ছিল, যা অত্যন্ত হৃদয়বিদারক।"

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রকৌশলীর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মানবকণ্ঠ/ডিআর