চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বৃহস্পতিবার বিকেলে বৃষ্টির সময় পৃথক বজ্রপাতের ঘটনায় তিন নারীসহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে আম কুড়াতে গিয়ে চারজন, গবাদিপশু আনতে গিয়ে একজন এবং ঘাস কেটে ফেরার পথে একজনের মৃত্যু হয়।
বজ্রপাতে নিহতরা হলেন-সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আব্দুল্লাহ, শিবগঞ্জ উপজেলার মাহমুদা আক্তার, রানীবাড়ী চাঁদপুর এলাকার সাদিয়া খাতুন, মোবারকপুর ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়ার মেসবাউল, নাচোল উপজেলার ফতেপুর লাহাবাড়ি গ্রামের সুমিয়ারা বেগম ও নিজামপুরের হাসান আলী।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, শিবগঞ্জে নিহত তিনজন বাড়ির পাশের আমবাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতের শিকার হন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, সদর উপজেলার আতাহার এলাকায় বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হন আব্দুল্লাহ। পরে স্থানীয়রা তাঁকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে নাচোল উপজেলার লাহাবাড়ি এলাকায় মাঠে ঘাস কাটার পর বৃষ্টির মধ্যে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান সুমিয়ারা বেগম। এ ছাড়া একই সময়ে নাচোল উপজেলার নিজামপুর এলাকায় আম কুড়াতে গিয়ে হাসান আলী নামের এক ব্যক্তিসহ ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ।




Comments