Image description

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে আঘাত হেনেছে এক অত্যন্ত শক্তিশালী ভূমিকম্প। সোমবার (৮ জুন) সকালে অনুভূত এই কম্পনে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির সিভিল ডিফেন্স কার্যালয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফিলিপাইন সিভিল ডিফেন্স কার্যালয়ের পরিচালক রদ্রিগো সসমিনা জানিয়েছেন, ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সকসসারজেন অঞ্চল। এই অঞ্চলে এখন পর্যন্ত ১২ জনের প্রাণহানি এবং অন্তত ১২৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। উদ্ধারকর্মীরা দুর্গম এলাকাগুলোতে পৌঁছানোর চেষ্টা করছেন।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)-এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৮। যদিও শুরুতে এর মাত্রা ৮.২ বলে ধারণা করা হয়েছিল। অন্যদিকে, ফিলিপাইনের স্থানীয় সংস্থা ‘ফিভলকস’ এর মাত্রা ৭ এবং ইন্দোনেশিয়ার বিএমকেজি ৭.৭ বলে উল্লেখ করেছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে, যা ক্ষয়ক্ষতির মাত্রা বাড়িয়ে দিয়েছে।

জেনারেল সান্তোস শহরের পুলিশ মাস্টার সার্জেন্ট রবার্ট দাগোন জানিয়েছেন, ভূমিকম্পে বহু ঘরবাড়ি ও বহুতল ভবন ধসে পড়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। ভবন ধসের কারণে অনেক এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শক্তিশালী এই কম্পনের পরপরই ফিলিপাইন ও প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র এবং যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ ব্যবস্থা থেকেও বিপজ্জনক জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হয়েছে। উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

বর্তমানে মিন্দানাও জুড়ে আতঙ্ক বিরাজ করছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করে ত্রাণ ও উদ্ধার কাজ পরিচালনা করা হচ্ছে।

সূত্র: বিবিসি।

মানবকন্ঠ/আরআই