সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ, দুই বছরে বড় পরিবর্তনের কথা জানালেন গোলাম মাওলা রনি
গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুতির দুই বছর পর আওয়ামী লীগের রাজনৈতিক কৌশলে এবং নেতাকর্মীদের মাঝে বড় ধরনের পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তার দাবি, বর্তমানে দেশ ও বিদেশের মাটিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা নতুন করে সংগঠিত ও সক্রিয় হতে শুরু করেছেন। সোমবার (৮ জুন) নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
গোলাম মাওলা রনি বলেন, “সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনগুলো সারা দেশে বিভিন্ন কর্মসূচি ও পাল্টা কর্মসূচি পালন করছে। এসব কর্মকাণ্ডের ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও বর্তমান রাজনৈতিক অঙ্গনে নতুন এক ধরনের চাপ তৈরি হচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে তারা তাদের এসব কার্যক্রম দ্রুত ছড়িয়ে দিচ্ছে, যা জনমনে বেশ আলোচনার জন্ম দিচ্ছে।”
ভিডিওতে তিনি আরও উল্লেখ করেন, গত দুই বছরে অনেক নেতাকর্মী দেশ ছেড়েছেন বা আত্মগোপনে ছিলেন, তারা এখন আবার প্রকাশ্যে আসতে শুরু করেছেন। এছাড়া আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সীমান্ত এলাকাগুলোতে ছড়ানো বিভিন্ন গুঞ্জন নিয়েও তার পর্যবেক্ষণ তুলে ধরেন তিনি। তিনি মনে করেন, আন্তর্জাতিক চাপ সত্ত্বেও সজীব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ পুতুল নিজ নিজ অবস্থান বজায় রেখে রাজনৈতিক ও কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে রনি বলেন, বর্তমানে বিএনপি, জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোও মাঠে বেশ সক্রিয়। তবে দেশের ভবিষ্যৎ পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত ও দ্রুত পরিবর্তনশীল। এই সংকটময় মুহূর্তে দেশের স্থিতিশীলতার স্বার্থে সকল রাজনৈতিক শক্তির মধ্যে সমন্বয়, সংলাপ এবং একটি জাতীয় সমঝোতা জরুরি বলে তিনি হুঁশিয়ারি দেন।
মানবকন্ঠ/আরআই




Comments