যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, যেখানে ইরান পাল্টা আক্রমণ চালিয়েছে বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন ঘাঁটিতে।
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার ভোরে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন এলাকায় হামলা চালায়। এর পরপরই ইরান বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম ও আহমেদ আল-জাবের বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালায় বলে দাবি করেছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)।
একই সময়ে হরমুজ প্রণালিতে দুটি ট্যাংকার জাহাজেও হামলার ঘটনা ঘটে। আইআরজিসি জানায়, ওই জাহাজ দুটি অবৈধভাবে প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে নতুন হামলা চালানো হয়েছে, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পরিচালিত হয়েছে।
ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও সিরিকসহ হরমুজ প্রণালির বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে। পাশাপাশি কারগান শহরে বিস্ফোরণে অন্তত দুজন আহত হয়েছেন বলেও জানা গেছে।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি থাকলেও সাম্প্রতিক ঘটনাগুলো সেই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্র একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এর প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালি সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণাও দিয়েছে আইআরজিসি।
এদিকে গত কয়েক দিনে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও উত্তেজনা অব্যাহত রয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে পরিস্থিতি আরও বিস্ফোরক হয়ে উঠছে বলে বিশ্লেষকদের ধারণা।
সূত্র: আলজাজিরা




Comments