হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সরাসরি সামরিক সংঘাত শুরু হওয়ার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে। পরিস্থিতির আরও অবনতি হওয়ায় প্রণালিতে সব ধরনের জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার পর যুক্তরাষ্ট্র ‘আত্মরক্ষামূলক ব্যবস্থা’ হিসেবে ইরানের কেশম দ্বীপ, সিরিক বন্দর, বন্দর আব্বাস ও জাস্ক এলাকার কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালায়।
এর জবাবে ইরান বাহরাইন, কুয়েত ও জর্ডানে মার্কিন-সংশ্লিষ্ট সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী মার্কিন ট্যাংকারেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেহরান।
এরপরই প্রণালিতে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হলে বৈশ্বিক তেলবাজারে সরাসরি প্রভাব পড়ে।
আল-জাজিরার বরাতে জানা গেছে, এই উত্তেজনার কারণে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ২.৪৭ শতাংশ বেড়ে ৯৫.৪০ ডলারে পৌঁছেছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) তেলের দাম ২.৮৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২.৬৩ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্লেষকদের মতে, বিশ্ব তেলের একটি গুরুত্বপূর্ণ রুট হওয়ায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ হয়ে গেলে সরাসরি আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয় এবং এর প্রভাব দ্রুতই বৈশ্বিক বাজারে ছড়িয়ে পড়ে।




Comments